করোনা আতঙ্কের মধ্যেই আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরব থেকে দেশে ফিরছেন ৩৮৩ বাংলাদেশি। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই খবর নিশ্চিত করেছে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই ৩৮৩ জন বাংলাদেশিকে দেশে আসার অনুমতি দেওয়া হয়েছে।
সৌদি এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসভি ৩৮০৫ এসব বাংলাদেশি যাত্রীকে নিয়ে সকাল ৯টায় কিং খালেদ বিমানবন্দর থেকে রওনা দেবে। বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা তাদের।
সূত্র জানায়, সৌদি সরকার দাম্মাম ও রিয়াদের ডিপোর্টেশন সেন্টারে অপেক্ষমাণ সব বাংলাদেশিকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি বিশেষ বিমান ভাড়া করে তাদের দেশে পাঠাচ্ছে দেশটি।
যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলোতে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও সৌদি আরবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়নি বাংলাদেশ সরকার।
এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে বাধা নেই। সৌদি সরকার এখানে সরকারি এবং বেসরকারি দফতর বন্ধ ঘোষণা করেছে। তাই মানবিক দিক বিবেচনা করে তাদের একটি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে। ডিপোর্টেশন সেন্টারে অবস্থানরত কারও শারীরিক কোনও সমস্যা নেই বলেও জানান তিনি।

