নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ইতালিতে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়েছে। শুক্রবার দেশটিতে একদিনে আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩২ জনে।
এক মাস আগে ইউরোপের এই দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর এরইমধ্যে সেখানে মৃত্যু নতুন এই ভাইরাসের উৎসস্থল চীনকে ছাড়িয়ে গেছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশের বেশি বেড়ে ৬২৭ জন হল। চীনে ব্যাপকভাবে সংক্রমণের সময় এই ভাইরাস নিয়ে যখন বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হয়েছিল তখনও দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা ১৫০ এর বেশি হয়নি।
ইতালিতে এই ভাইরাসে মৃত্যুর সঙ্গে সঙ্গে বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যাও। দেশটিতে বিগত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি মানুষের এই রোগ ধরা পড়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জনে। আগের দিনের তুলনায় নতুন রোগী বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।
সবচেয়ে বেশি উপদ্রুত ইতালির উত্তরাঞ্চীয় লোমবারডির পরিস্থিতি এখনও শোচনীয়। সেখানে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৪ জন, আর মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪৯ জনের।

