গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ভেন্টিলেটর অতিরিক্ত রয়েছে। তিনি এসব ভেন্টিলেটর বিনা মূল্যেই হাসপাতালগুলোকে দিতে চান। তবে যেসব দেশে টেসলার কার্যক্রম আছে আছে, কেবল সেখানেই এসব ভেন্টিলেটর সরবরাহ করতে পারবে তারা।
বিশ্বজুড়ে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এ অবস্থায় সবচেয়ে জরুরী বিষয় হয়ে দাড়িয়েছে ভেন্টিলেটর।
গতকাল মঙ্গলবার টুইটারে ভেরিফায়েড পেজ থেকে বিনা মূল্যে ভেন্টিলেটর দেওয়ার কথা টুইট করেন এ প্রযুক্তি উদ্যোক্তা। তিনি বলেন, ভেন্টিলেটর পেতে গেলে শর্ত হচ্ছে জরুরি রোগীর জন্য প্রয়োজন হতে হবে। প্রয়োজনের কথা তাঁকে সরাসরি বা @Tesla–কে টুইট করে জানানো যাবে।
বিনা মূল্যের এই ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে মাস্কের শর্ত হচ্ছে, কেবল জরুরি প্রয়োজন হলেই তা দেওয়া হবে। কেউ ভেন্টিলেটর নিয়ে ওয়্যারহাউসে ফেলে রাখতে পারবেন না।
যত দিন যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল তত লম্বা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৪১ হাজার ২৬১ জনের প্রাণ। ১৮০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস তিন থেকে চার মাসেই গোটা বিশ্বে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রে মহামারিতে আক্রান্ত রাজ্যগুলো ট্রাম্প প্রশাসন ও যন্ত্র নির্মাতাদের কাছে করোনা মোকাবিলায় ভেন্টিলেটর উৎপাদন দ্রুত বাড়ানোর অনুরোধ করেছে।

