রাঙামাটির কাপ্তাইয়ে ঘর থেকে ডেকে নিয়ে একজনকে গুলি করে হত্যার অভিযোগ। নিহত ব্যক্তি চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুই প্রু মারমা (৩০)।
বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উসুই প্রু মারমা (৩০), জিং হ্লা মারমার সন্তান।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মো. আশ্রারাফ উদ্দিন বলেন, মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সাথে জড়িত এখনই সেটি বলা সম্ভব না, তবে ওই এলাকাটি সন্তু লারমার জেএসএস-এর নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।
কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষ আওয়ামী রাজনীতি করলে সন্ত্রাসীরা তাদের বিভিন্ন সময় হত্যার মাধ্যমে রাজনীতি করতে বাধার সৃষ্টি করে আসছে। এটি সেই কারণে হয়েছে বলে আমরা মনে করছি।
তিনি আরও জানান, রাতে ঘটনা শোনার পর সেখানে গিয়ে পরিবারের সাথে কথা বলেছি। নিহত উসুই প্রু মারমার স্ত্রী আমাদের জানিয়েছেন, মধ্যরাতে ৭-৮ জন ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে বাসা থেকে ১ কিলোমিটার দূরে গুলি করে হত্যা করে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

