সপ্তাহে ৭ দিনই (শুক্র-শনিবারেও) অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয় পত্রের নম্বর সংগ্রহ এবং সংশোধনের আবেদন সবই করা যাবে অনলাইনে।
এজন্য নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট ওয়েব সাইট services.nidw.gov.bd- তে প্রবেশ করতে হবে। নতুন ভোটাররা জাতীয় পরিচয় পত্র না পেয়ে থাকলে সে বিষয়েও জানতে পারবেন তারা। পুরাতন ভোটাররা ওয়েব সাইটে গিয়ে তথ্য হালনাগাদ এবং হালনাগাদে কি ধরণে প্রয়োজনীয় দলিলিক প্রমাণাদি লাগবে তা জানতে পারবে। অনলাইনে পাওয়া তথ্য যাচাই বাছাই শেষে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ ছিলো। পরে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ালে এই ছুটির মধ্যেই অনলাইনের মাধ্যমে সংশোধন, তথ্য হালনাগাদের আবেদনের সেবা চালু করলো নির্বাচন কমিশন।
এর আগে করোনাভাইরাস এর প্রকোপের কারণে প্রথম দফায় গত ১৯ মার্চ থেকে জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

