গোপনীয়তা এবং ত্রুটির কারণে ইতোমধ্যে মামলার কবলেও পড়েছে জুম। এ অবস্থায় কর্মীদের ল্যাপটপে ভিডিও কনফারেন্সিং সেবা জুম নিষিদ্ধ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
এ বিষয়ে গুগলের মুখপাত্র হোসে কাসতানেদা বলেন, “সম্প্রতি আমাদের নিরাপত্তা দল জানিয়েছে যে, কর্মীরা জুম ডেস্কটপ ক্লায়েন্ট ব্যবহার করছেন। এটি এখন আর বাণিজ্যিক কম্পিউটারে চলবে না, কারণ এতে আমাদের কর্মীদের ব্যবহার করা অ্যাপগুলোর মতো নিরাপত্তা মান নেই।”
ডেস্কটপ অ্যাপ নিষিদ্ধ করলেও মোবাইল অ্যাপ এবং ব্রাউজারে এখনও জুম ব্যবহারের অনুমতি দিচ্ছে গুগল– খবর বার্তাসংস্থা রয়টার্সের।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় এবং ‘জুমবম্বিংয়ের’ কারণে বিশ্বজুড়েই সমালোচনার মধ্যে রয়েছে ভিডিও কনফারেন্সিং এই সেবা। ত্রুটির কারণে আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

