পচে যাওয়া পৃথিবীটাকে নতুনভাবে সাজানোর সুন্দর একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নে শুধুমাত্র একটি সুস্থ পৃথিবী থাকবে। যেখানে মানবতার, ভালোবাসার জয় হবে শুধু থাকবেনা কোনো স্বার্থপরতা, থাকবে মানুষে মানুষে ভালোবাসা।
এমন একটা পৃথিবী যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে একসঙ্গে থাকবে। ভেদাভেদ নামক শব্দটা থাকবেনা তবেই না সুস্থ হবে আমাদের পৃথিবীটা। স্বপ্নে সাজানো পৃথিবীতে থাকবেনা কোনো যুদ্ধ। অতীতের যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলো আবার সেরে উঠবে নতুন করে নতুন ভালোবাসায়।
প্রতিটা দেশ প্রতিটা দেশকে প্রতিটা মানুষকে সাহায্য করবে পুরোনো ক্ষত গুলো ভুলে যেতে। তাদের যত ক্ষতি হয়েছে সব দিয়ে দেয়া হবে যেনো তাদের শিশুরা আবার সুস্থ জীবনে ফিরে এসে আমাদের পৃথিবীর আগামীর ভবিষ্যৎ কে আবার মুখরিত করে।
স্বপ্নের পৃথিবীটায় থাকবেনা কোনো শিশু নির্যাতন, নারী নির্যাতন কিংবা কোনো পুরুষ নির্যাতন। থাকবেনা কোনো দূর্বলের ওপর অত্যাচার। যেখানে প্রতিটা শিশু প্রতিটা মানুষ থাকবে নিরাপদ, নিজেদের অধিকার নিয়ে বড়ো হতে পারবে হোক সে শিশু, নারী, পুরুষ, বুড়ো কিংবা গরীব। যেখানে যৌন লালসায় হতে হবে না কোনো শিশু বা নারীকে খুন, ধর্ষিত।
একটি শিশু ও খাবারের অভাবে মারা যাবে না। এমন একটা স্বপ্নের পৃথিবী যেখানে ক্ষুধার অভাবে মরবেনা কোনো মানুষ, কাপড়ের অভাবে হবেনা কেউ লজ্জিত। পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অভাবী মানুষ দেখবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। যেখানে সবার সুস্থ ভাবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকবে।
পৃথিবীর প্রতিটি শিশু ঘুম থেকে উঠবে মা এর আদর মাখা ধ্বনি শুনে, পাখির কিচিরমিচির এ উৎফুল্ল হবে তাদের মন। যেখানে থাকবেনা কোনো গোলাবারুদ, থাকবেনা কোনো সমুদ্রের ধারে পড়ে থাকা শিশুর লাশ, থাকবে শুধু শিশুদের নির্মল পবিত্র হাসি,তাদের অবিচল বিচরণ।
যেখানে আমরা আমাদের শিশু সন্তানদের পাশাপাশি পৃথিবীর সমস্ত শিশুদের নিয়ে ভাবতে শুরু করবো। যে পৃথিবীতে কোনো ক্ষমতার লড়াই থাকবেনা। বড় বড় রাষ্ট্র গুলো ছোটো ছোটো রাষ্ট্রের দিকে বাড়িয়ে দিবে ভালোবাসার হাত। স্বপ্নময় পৃথিবীতে রাষ্ট্র গুলোর দাম্ভিকতার লড়াই শেষ হয়ে যাবে।
সর্বোপরি এমন একটা সুস্থ পৃথিবী থাকবে যেখানে মানুষে–মানুষে, রাষ্ট্রে–রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবেনা, সবাই স্বার্থপরতা ভুলে পৃথিবীটাকে সুন্দর ভাবে গড়তে শুরু করবে।
করোনার ভয়ে ভয় পেয়ে না শুধু এইবার যদি সত্যি সত্যি আমরা মানুষ গুলো বদলে যেতাম, অমানুষ থেকে মানুষ হতাম তাহলে মনে হয় এমন সুন্দর সুস্থ নির্মল বাতাসের একটা পৃথিবী গড়তে পারতাম।
যে স্বপ্নের পৃথিবী গড়তে আমার আপনার সবার নিজ নিজ জায়গা থেকে পৃথিবীটাকে নিয়ে ভাবতে হবে। এখনো সময় আছে চাইলেই আমরা এমন পৃথিবী গড়তে পারি।
পরিশেষে মাদার তেরেসা উক্তিটাই মনে আসলো,
“গতকাল চলে গেছে,
আগামীকাল এখনো আসেনি।
আমাদের কাছে আছে আজকের দিন।
চলুন শুরু করি।”
লেখিকা : ফয়জুন নেছা তিথি
ফার্মাসিস্ট, এম ফার্ম (ছাত্রী)
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)

