করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছেন সবাই। লড়াই চালিয়ে যাচ্ছেন অনেকেই। জীবন যুদ্ধে অদেখা ক্ষুদ্র এক অণুজীবের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই। এ লড়াইয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন পেশার মানুষরা, গড়ে তুলেছেন প্রতিরোধ।
কখনো সামনে আসছে উৎসাহমূলক কাজ। এমনই একটি গানের ভিডিও নির্মিত হচ্ছে। । এতে অংশ নিয়েছেন সংগীত, নাটক, চলচ্চিত্র, অনলাইন, নিউজ, রাজনীতি, সমাজসেবা ও করপোরেটের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা।
গানের শিরোনাম ‘এসো সবাই’। কথা লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর, সংগীতায়োজন ও ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গায়ক মাহাদী।
একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানালেন আসিফ ইকবাল। এর সঙ্গে আরও যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের পরিচালক দিদারুল আলম সানি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যানালাইজেনের চেয়ারম্যান রিসালাত সিদ্দিকী, কনসিটো পিআরের নির্বাহী পরিচালক মাহজাবিন ফেরদৌসী স্বর্ণা, গায়ক মাহাদী ও সংগীত পরিচালক অদিত রহমান।
এ গানের জন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, বাপ্পা মজুদমার, কনা, এলিটা, মিলা, ঐশী, নওরীন, জেফার, পড়শি; অভিনয়শিল্পী শমী কায়সার, নোবেল, আরেফিন শুভ, জাকিয়া বারী মম, নাদিয়া, সাবিলা নূরসহ ৭০ ব্যক্তিত্ব তাদের নিজ বাসা থেকে মোবাইলে ভিডিও ও কণ্ঠ দিয়েছেন।

