রাজধানীতে বিদ্যুৎ সাবস্টেশনে একটি ট্রান্সফর্মারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার (১১ এপ্রিল) বিকালে রামপুরার উলনে
এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
এতে করে বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে ওই এলাকার মানুষজন। সেইসাথে বিদ্যুতের তার জরিয়ে আগুন কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, আমাদের সাতটি ইউনিট বিকাল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিপিডিসি জানায়, ৩টা ৩২ মিনিটে এই আগুন লাগে। এই ঘটনায় রামপুরা, উলন, ওয়াপদা রোড, টিভি সেন্টার, বনশ্রীর একটি অংশ, মালিবাগের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছে।
ডিপিডিসির পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ জানান, আগুন লেগে গ্রিড ফেল করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই আমরা মেরামতের কাজ শুরু করেছি। আপাতত বিকল্প উপায়ে বিকাল ৪টা ৩২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। তবে চাহিদার পুরোটা এখন দেওয়া সম্ভব হবে না।
মালিবাগের ডিস্ট্রিবিউশন লাইন ক্ষতি হয়নি। ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিদ্যুৎ আসতে সময় লাগবে বলে জানিয়েছে ডিপিডিসি সূত্র।

