দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তাতে কি ভালোবাসা থেমে থাকবে? প্রেম-ভালোবাসা যে কোনো কিছুরই বাঁধা মানে না! সেখানে লকডাউন তো সামান্য বিষয়।
এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। যেখানে প্রেমিককে বিয়ে করতে প্রায় ৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলেন এক তরুণী!
জানা যায়, তরুণীর নাম চিটিকলা ভবানী, বাড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার হনুমান জংশন এলাকায়। আর প্রেমিক সাই পুন্নায়া থাকেন এডেপল্লী গ্রামে। যে গ্রামটি ভবানীর বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে।
জানা গেছে, চার বছর আগে সম্পর্ক গড়ে ওঠে দু’জনের। সম্প্রতি বাড়িতে নিজেদের সম্পর্কের কথা জানান দু’জনে। ভবানীর পরিবারের তীব্র আপত্তি ছিল এই বিয়েতে। সে কারণে দুজন সিদ্ধান্ত নেন পালিয়ে বিয়ে করার।
সেই মতো সব পরিকল্পনা প্রস্তুত হতে থাকে। বাধ সাধে করোনা। প্ল্যান সফল হওয়ার আগেই লকডাউন জারি হয়ে যায় ভারতজুড়ে।
বিপদে পড়লেও পিছিয়ে আসেননি ভবানী। একদিন রওনা দেন বাড়ি থেকে। তার পর প্রায় ৬০ কিলোমিটার পথ পুরোটাই পায়ে হেঁটে পৌঁছান প্রেমিকের গ্রামে।
শেষমেশ বিয়ে করে ফেলেন তারা। এত কষ্টের ফলে তাদের জীবনের গল্পের শেষ আনন্দে ভরে উঠেনি। এতে রয়েছে ক্লাইম্যাক্স।
ভবানীর পরিবার দু’জনকে হুমকি দেয়, ভয় দেখায়। বাধ্য হয়ে স্থানীয় থানায় পুরো ঘটনা জানিয়ে নিরাপত্তার আর্জি জানান তারা।
দু’জনেই সাবালক হওয়ায় ভবানীর পরিবারকে ডেকে পাঠায় পুলিশ। উভয় পরিবারকে সেখানে কাউন্সেলিং করা হয়েছে জানায় পুলিশ।
সূত্র- এই সময়।

