ঘরে খাবার নেই। অসহায় মা কি করবেন? নিরুপায় হয়ে পাঁচ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন এক নারী। ভারতজুড়ে চলছে লকডাউন। এর ফলে সন্তানদের মুখে খাবার জুটাতে না পেরে এমন কাজ করেছেন বলে জানা গেছে।
রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়।
জানা যায়, সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ওই নারীর। তার মধ্যে গত কয়েকদিন ধরে চলা লকডাউনের ফলে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঘরে যেটুকু খাবার সঞ্চিত ছিল এই ক’দিনে তাও ফুরিয়ে যায়। ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরেই তিনি তাদের গঙ্গায় ফেলে দেন বলে স্থানীয়দের জানিয়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, খবর যাওয়ার মুহূর্তের মধ্যে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। শিশুদের খোঁজে গঙ্গায় শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এই সময়

