এবার ‘লকডাউনে’ ঘরবন্দি অবস্থায় ভারতীয় এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
জানা যায়, গত কয়েকদিন ধরে লকডাউনের কারণে বাড়ি থেকেও বের হননি তিনি। কিন্তু অদ্ভূত ভাবে বাড়িতে মৃত অবস্থায় পড়ে রইলেন ভারতের তেলেগু টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী বিশ্ব সাথী। হায়দরাবাদে শুক্রবার তাঁর নিজের অ্যাপার্টমেন্ট থেকেই মরদেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপার্টমেন্টের ৬ তলায় থাকতেন ওই অভিনেত্রী। হায়দরাবাদের ইয়েল্লারেড্ডিগুড়ার ইঞ্জিনিয়ার কলোনিতে অবস্থিত ওই ফ্ল্যাটটি। বাড়ির দরজা ভেঙে পুলিশ ঘরে ঢোকে। ঢুকেই ঘরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।
কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও জানতে পারেনি পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘর থেকে কোনও কিছু খোয়া গিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন ওই ফ্ল্যাটে একাই থাকতেন বিশ্ব।

