করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকার ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক এবং চারজন নার্স। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডা. সেগুফা আনোয়ার।
এ ঘটনায় ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ডা. সেগুফা আনোয়ার।
তিনি বলেন, একজন ডক্টর আক্রান্ত হতেই পারে, সে বাসায় থাকতেই পারে। সে ১৪ দিন বাসায় থাকার পর আবার এসে কাজে যোগ দিতে পারে। কিন্তু কোনো বিভাগ বন্ধ হবে কেন?
তিনি আরও বলেন, ওই ঘটনার পর তার পরিবারের সবাইকে এনে আমার টেস্ট করিয়েছি। সবার নেগেটিভ এসেছে। আমরা এটা দায়িত্ব মনে করি।
হাসপাতালের দুই চিকিৎসক জানিয়েছেন, সিসিইউতে থাকা এক রোগীর মাধ্যমেই তাদের সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা চেপে রাখে।
জানা যায়, গত ৬ এপ্রিল হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আসেন এক রোগী। প্রাথমিকভাবে তাকে কোভিড-১৯ রোগী মনে হলে সেদিনই তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। পরদিন ৭ এপ্রিল তার করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হলে গত মঙ্গলবারই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

