করোনাভাইরাসের কারণে ঘরবন্দী মানুষ। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই, অনেকের আবার কাজ নেই। হাতে অফুরন্ত সময়। এই সময় হেলায় হারাচ্ছেন অনেকে। অনেকে আবার মজার ছলে পার করছেন সময়।
কেউ রান্না করছেন। কেউ ছবি আঁকছেন। কেউ আবার অন্য কোনও সৃষ্টিশীল কাজ করে চলেছেন। গানবাজনা বা নাচ করেও অনেকে নিজেদের প্রতিভা প্রকাশ করছেন।
সামাজিক মাধ্যমগুলোতে এসব ছবি, ভিডিও ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিন্তু ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের গ্রেগ বিটস্টক। মজার ছলে নয়, সিরিয়াস হয়েই তিনি ব্যবহার করেছেন এই লকডাউন। গড়েছেন বিশ্ব রেকর্ড।
পানির নিচে ৫০ কিলো ওজনের লোহার চাকতি তুলে ৬২টি বেঞ্চ প্রেস দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইলিনোডসের সেন্ট চার্লস লেকের জলের নিচে গিয়ে তিনি এমন কাণ্ড করেছেন।
গ্রেগের এমন কাজ একইসঙ্গে মজাদারও ছিল আবার ভয়ানকও। কারণ অনেকেই বলছেন, এটা শেষ করতে গিয়ে গ্রেগের জীবন সংশয় হতে পারত।
পানির নিচে ৬২টি বেঞ্চ প্রেস দেওয়ার সময় তিনি শ্বাসপ্রশ্বাস আটকে রেখেছিলেন। গ্রেগ অবশ্য এমন কাজ আগেও করেছেন। গত বছর তিনি পানির নিচে ৫০ কেজি ওজনের লোহার চাকতি নিয়ে ৪২টি বেঞ্চ প্রেস দিয়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
গ্রেগ জানান, পানির নিচে করতে গিয়ে ভয় লাগছিল। কিন্তু টাস্ক শেষ করব বলে মনে মনে ঠিক করেছিলাম। বিশ্বরেকর্ড হওয়ার পর দারুণ লাগছে।
তার এমন কাণ্ডের ভিডিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে। এরই মধ্যে ছয় লাখ মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন।

