হলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং তার প্রেমিক অ্যালেক্স রডরিগেইজ এবছর গ্রীষ্মে ইতালিতে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে সব যখন থমকে গেছে তখন বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত করতে হয়েছে তাদের।
তবে শুধু জেনিফার লোপেজই নয়। করোনার কারণে বিয়ে পিছিয়ে গেছে আরো অনেক তারকার।
অভিনেতা অর্লেন্ডো ব্লুম এবং সংগীত শিল্পী কেইটি পেরি জানতেন তাদের বিয়ের নির্দিষ্ট করা তারিখ পেছাতে হতে পারে। কারণ ১৫০ জনের অতিথি নিয়ে সেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল জাপানে জুন মাসে। তবে এই হবু দম্পতি এবার যুক্তরাষ্ট্রেই বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। পারিবারিক সূত্র থেকে ‘ই! নিউজ’ জানায়, সেই তারিখ এখনও ঠিক হয়নি। এই হবু দম্পতি একই সঙ্গে সন্তানের জনক-জননীও হতে চলেছেন।
অন্যদিকে মার্চের দিকে হলিউড অভিনেত্রী এমা স্টোন ও ডেভ ম্যাকক্যারির বিয়ে হওয়া যাওয়ার কথা ছিল। তবে মহামারীর কারণে তাদের বিয়ে পিছিয়ে দেওয়া হলেও এখনও নতুন তারিখ ঠিক করা হয়নি।
ডেনিস কোয়াড ও বাগদত্তা লরা স্যাভোয় মহামারী শুরু হওয়ার প্রাথমিক অবস্থাতেই বিয়ের অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিয়েছিলেন। যেটা হাওয়াইতে এপ্রিলের ৪ তারিখে হওয়ার কথা ছিল। এখন তার ভাবছেন ছোট করে ঘরেই সেরে ফেলবেন অনুষ্ঠান।
তবে ক্রোকোডাইল হান্টার খ্যাত প্রয়াত স্টিভ আরউইনের কন্যা অস্ট্রেলিয়ান টিভি ব্যক্তিত্ব বিন্ডি আরউইন দেরী করেননি। তিনি তার প্রিয় বন্ধু চ্যান্ডলার পয়েল’কে বিয়ে করেন ২৫ মার্চ। আর ছোটখাট করে অনুষ্ঠান পালনের জন্য জায়গা বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা। ইন্সটাগ্রামের এক পোস্টে এই অভিনেত্রী লেখেন, “বড় করে অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। হয়ত এই পরিস্থিতি কেটে গেলে তা হবেও। তবে আমি এতেই খুশি, আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করতে পেরেছি।”

