করোনা মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মোদীকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন বিল গেটস।
এদিকে ভারত সরকার যে কন্ট্যাক্ট ট্রেসিং ও ট্র্যাকিংয়ের জন্য তৈরী আরোগ্য সেতু অ্যাপ তৈরী করেছে সেটিরও প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস। গেটস বলেছেন যে মোদির নেতৃত্বে ভারত করোনা সংক্রমণের কার্ভকে চ্যাপ্টা করতে সক্ষম হয়েছে, সেজন্য অন্য অনেক দেশের মতো দ্রুত হারে করোনা রোগী বাড়ছে না ভারতে।
লকডাউন, টেস্টিংয়ের ওপর জোর, কোয়ারেন্টাইন করায় মনোযোগ ও স্বাস্থ্যখাতে অর্থ অনেক বাড়ানো, গবেষণার জন্য টাকা দেওয়া ও তথ্যপ্রযুক্তির ব্যবহার, এইসব কিছুর কারণে মোদিকে স্যালুট জানিয়েছেন এই ধনকুবের।
সেইসাথে ভারত যেভাবে সরকার সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে প্রান্তিক মানুষদের, তারও বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত আমেরিকা করোনায় বেহাল হলেও ভারতে অবস্থা অনেকটাই ভালো। এখন পর্যন্ত ভারতে আক্রান্ত ২১,৩৯৩ জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১ জন।

