বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি রূপ নিলে রোগীদের শ্বাসকষ্ট দূর করতে ভেন্টিলেটর বেশি প্রয়োজন পড়ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দিতে ভেন্টিলেটর ব্যবহারেও রক্ষা করা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী দেখভাল করা নর্থওয়েল হেলথের অধীনে ভেন্টিলেশনে থাকা প্রায় ৯০ শতাংশ করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।
নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নর্থওয়েল হেলথের প্রায় ৬ হাজার রোগীর অর্ধেকের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, গুরুতর অসুস্থ এই রোগীদের বাঁচাতে ভেন্টিলেটর কোনো ভূমিকা রাখছে না।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যারা মারা গেছে, তাদের মধ্যে যারা ডায়াবেটিস, তাদেরই বেশি ভেন্টিলেটর কিংবা আইসিইউ লাগছিল।
গবেষণায় আরও দেখা গেছে, রোগীদের মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। আর ১৮ বছরের নিচে কারও মৃত্যু হয়নি।
এ ছাড়া রোগের লক্ষণের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ জ্বরের কথা বলেছে। ১৭ শতাংশের নিঃশ্বাস ঘন হয়ে আসছিল। ৩০ শতাংশের অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। আক্রান্তদের ১৪ শতাংশের আইসিইউ সুবিধা লেগেছিল, ৩ শতাংশের ডায়ালাইসিস করতে হয়েছিল।

