এবার করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য রক্তদানের আগ্রহ প্রকাশ করলেন ভারতের গায়িকা কনিকা কাপুর। সোমবারই বেবি ডল গায়িকা এই ইচ্ছার কথা জানিয়েছেন।
ইন্ডিয়া টুডের খবর অনুসারে, লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিত্সক কনিকার রক্ত পরীক্ষা করবে এটা দেখার জন্য যে তার প্লাজমা করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য ব্যবহার করা যেতে পারে কিনা।
মনে করা হয়, করোনা জয়ী মানুষের প্লাজমায় অ্যাটিবডি থাকে। এর আগে অভিনেত্রী জোয়া মোরানি, প্রযোজক করিম মোরানি এবং তার ছোট মেয়ে শাজাও প্লাজমা দানের কথা জানিয়েছিলেন। নমুনা পরীক্ষার জন্য চিকিত্সকদের একটি দল শীঘ্রই কনিকার লখনউ বাসভবনে যাবে। পরীক্ষা ফল পজিটিভ এলে এই মাসেই প্লাজমা দান করবেন গায়িকা।

গত ২০শে মার্চ করোনা আক্রান্ত হিসাবে কনিকা কাপুরের নাম সামনে আসে। একটানা ১৬ দিন করোনার সঙ্গে যুদ্ধের পর ৬ এপ্রিল সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফেরেন কনিকা।
রোববার নিজের করোনা জয়ের অভিজ্ঞতা এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করে খোলা চিঠি লিখলেন কনিকা কাপুর। লেখেন, ‘গোটা বিষয় সম্পর্কে অনেকরকমের তথ্য সাংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে কিন্তু এতদিন তিনি বেশকিছু কারণে চুপ করে ছিলেন। আমি এখন লখনউতে আমার বাড়িতে রয়েছি। ব্রিটিশ যুক্তরাজ্য, মুম্বই এবং লখনউতে আমি যে সকল মানুষের সংস্পর্শে এসেছি তাদের কারো দেহেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সবার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে’।

