ঠিক সময়ে বাড়ি ভাড়া না পেয়ে এবার কুষ্টিয়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে সময়মত বাড়ি ভাড়া দিতে না পারায় কুষ্টিয়া শহরের কমলাপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে জুলেখা নামের (৩০) নামের ওই নারীর শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেয়া হয় এবং হত্যা চেষ্টাকারীকে আটক করে পুলিশ।
জুলেখা জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়ার মেহেদী হাসানের স্ত্রী।
জানা যায়, শহরের কমলাপুর এলাকায় বজলুল হকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতো জুলেখা নামের ওই নারী। গতকাল বুধবার সকালে জুলেখা তার বাড়ির বাইরে পাশের বাড়ির দুজন মহিলার সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই বাড়ির মালিকের বড় ছেল রনি গর্ভবতী ওই মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জুলেখার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পঠানো হয়।
কুষ্টিয়া জেনারল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান,ওই নারীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়া জুলেখা ও বাড়িওয়ালার স্ত্রীর মধ্যে কাটাকাটি চলছিল। হত্যার চেষ্টাকারী রনিকে আটক করা হয়েছে।

