করোনা দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের তালিকা প্রস্তুত করে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির রায়গঞ্জ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন।
এ সময় তারা জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও সন্তোষপুর ইউনিয়নের প্রায় ২হাজার ৮শ’ কর্মহীন পরিবার প্রধানের নামের তালিকা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গণকমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ রায়, গণকমিটি রায়গঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু এবং প্রচার সম্পাদক আশরাফুল হক।
গণকমিটির নেতৃবৃন্দ জানান, সারাদেশের মত নাগেশ্বরী উপজেলার মানুষজনও করোনাভাইরাসের কারণে লকডাউনের ফলে কর্মহীন হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছেন।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
খাদ্যের দাবিতে যাতে নাগেশ্বরী উপজেলার কর্মহীন মানুষদেরকে রাস্তায় নামতে না হয়, সেসব বিষয় বিবেচনায় নিয়ে গণকমিটি প্রাথমিকভাবে নাগেশ্বরী উপজেলার দু’টি ইউনিয়নের কর্মহীন মানুষের তালিকা প্রস্তুত করে তাদের জন্য খাদ্য সহায়তা বরাদ্দের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

