কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ড বয়সহ নতুন করে আরও চারজন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত ওই ওয়ার্ড বয়কে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার এসব তথ্য জানিয়েছেন।
ডা.শামসুন্নাহার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ড বয় করোনা আক্রান্ত হলেও হাসপাতাল লকডাউন করা হচ্ছে না। ওই ওয়ার্ড বয় যাদের সাথে থেকে ডিউটি করেছে সেই স্টাফদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক স্বাস্থ্য সহকারী জানান, আক্রান্ত ওয়ার্ড বয় হাসপাতালের জরুরী বিভাগ সহ সকলের সংস্পর্শে এসেছিলেন। তার নমুনা সংগ্রহ করার পরও সে হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছিল।
ওই স্বাস্থ্য সহকারী বলেন,’ আমি নিজেও আতঙ্কিত। কারণ গত একদিন আগেও ওই ওয়ার্ড বয় সহ হাসপাতালে ডিউটি করেছি।’
তবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার ওই স্বাস্থ্য সহকারীর বক্তব্য সঠিক নয় জানিয়ে বলেন, ‘ আমরা হাসপাতালের কয়েকজন স্টাফের নমুনা সংগ্রহ করেছি।
কিন্তু শুধুমাত্র ওই ওয়ার্ড বয় করোনা পজেটিভ হয়েছেন। তার ডায়াবেটিক সহ উচ্চ রক্তচাপ রয়েছে। তাকে হাসপাতালের আইসোেলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’
সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, সদর উপজেলালার হলোখানা ইউনিয়নে দুইজন এবং ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় একজন করে মোট চারজন ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২২ জন করোনা পজেটিভ পাওয়া গেল।
সিভিল সার্জন বলেন, ‘ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় করোনা পজেটিভ হলেও হাসপাতাল লকডাউন করা হচ্ছে না। তাকে আইসোলেশনে রেখে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

