স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২৫০ বছরের রেকর্ড ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারকে ডিভোর্স দিয়েছেন তিনি।
কিছু দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়েছেন জনসন। সুস্থ হয়ে ফিরে এসেই তিনি স্ত্রীকে ডিভোর্স দিলেন।
১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। ম্যারিনার বাবা একজন সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত।
ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেছিলেন বরিস ও উইলার। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। দুই বছর পর তা শেষ হলো।
উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়েতে বরিসের কোনো বাধা রইল না। গত ২৯ এপ্রিল লন্ডনের একটি হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিসের প্রেমিকা ক্যারি।
জানা যায়, ব্রিটেনের ইতিহাসে ২৫০ বছর পর কোনো প্রধানমন্ত্রী পদে থাকাকালীন কেউ স্ত্রীকে ডিভোর্স দিলেন। তাই এমন বিবাহবিচ্ছেদ গ্রেট ব্রিটেনের জন্য ইতিহাস হয়ে রইল।

