ভারতে করোনার সংক্রমণ দিনকে দিন বেড়েই চলছে। গত ১ দিনে নতুন করে দেশটিতে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে আক্রান্ত আরও ৩,৯৬৭ জন।
শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত মেডিকেল বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য থেকে জানানো হয়েছে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৪৯ জন। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৮১,৯৭০। রোগীর সংখ্যা বর্তমানে ৫১,৪০১ জন। করোনাকে জয় করে সেরে উঠেছেন ২৭,৯২০ জন।
এদিকে করোনা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি জানিয়েছেন দেশে করোনা থেকে সুস্থতার হার ক্রমেই বাড়ছে৷ বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৩৩.৬৬ শতাংশ৷ প্রতি তিন জন করোনা আক্রান্তের মধ্যে এক জন সুস্থ হয়ে উঠছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার দাবি করেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় বেড়েছে। অর্থাৎ, দু’সপ্তাহ আগে ১১.১ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, তিন দিন আগে সেটা বেড়ে দাঁড়ায় ১৩.৯ দিনে আর বর্তমানে ১৪ দিনে দ্বিগুণ হচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ পরিসংখ্যান বলছে, নতুন সংক্রমণে নিত্যদিন তৈরি হচ্ছে রেকর্ড!

