প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তারা।
পুলিশ হেড কোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ হাসপাতাল সূত্র জানায়, আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানায়।
পুলিশ কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

