একসময়ের মঞ্চ ও রুপালি পর্দার নামী অভিনয়শিল্পী আজমেরি জামান রেশমা নীরবেই বিদায় নিলেন। বুধবার বেলা আড়াইটায় গ্রিন লাইফ হাসপাতালে থেমে যায় তাঁর জীবনযাত্রা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২।
১৯৬০ সালে রেশমা বেতার ও ভয়েস আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন।
সত্তরের দশকে তাঁর ব্যাপক পরিচিতি ঘটে টিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। নাটকটির নির্দেশক ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার।
অভিনয় করেছেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘শেষের কবিতা’, ‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘দিন বদলের পালা’সহ অনেক আলোচিত নাটকে।
এর আগে ১৯৬০ সালে সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে জি না ভি মুশকিল ছবির মধ্য দিয়ে। তার সাথে সে সময় তারকা শিল্পী নাদিম, শাবানা অংশ নেন।
তার উল্লেখযোগ্য বাংলা, উর্দু ছবির মধ্যে রয়েছে – ভাওয়াল সন্নাসী, মেঘের পরে মেঘ, নয়ন তারা, ইন্ধন, চাদ অর চাদনি, সূর্য উঠার আগে, শেষ উত্তর সহ আরো অনেক।
তিনি দীর্ঘ দিন মঞ্চে শিল্প নির্দেশকের কাজ করেছেন। ৬০এর দশকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সাথে। তার জন্মস্থান ঢাকার মুন্সিগঞ্জ। তার স্বামী জানান আলি খান ছিলেন ১৯৬১ সালে পিটিভির প্রথম প্রযোজক।

