চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় তিন পুলিশ সদস্য মারা গেলেন।
মৃত পুলিশ সদস্যের নাম নেকবার হোসেন (৪৫)। তিনি হালিশহর থানার কনস্টেবল ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, উনার তীব্র শ্বাসকষ্ট ছিল। গতকাল বিকেলে তাকে হাসপাতালে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। সকালে মারা যান।
জানা যায়, গত ১০ মে থেকে জ্বরে আক্রান্ত হয়ে নেকবার বাসায় ছিলেন। ১৪ মে তাকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মে তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। গতকাল শুক্রবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়।

