মহামারি করোনাভাইরাস বিপর্যস্ত পুরো বিশ্ব। কিছুতেই থামানো সম্ভব হচ্ছে না ক্ষুদ্র এ ভাইরাসকে। দিন দিন আরও ভয়াবহতা নিয়ে হাজির হচ্ছে করোনা।
রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২ হাজার ৫০৯ জন। এছাড়া নতুন মৃত্যু হয়েছে ২ হাজার ৮২৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৬১ জনে। (প্রতিবেদনটি লেখা পর্যন্ত)
অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ পর্যন্ত ২৩ লাখ ২ হাজার ২৭ জন। এদিকে, আক্রান্ত ও নিহতের সংখ্যার দিকে সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশিটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৩০০ জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৬ হাজার ৭৯৩ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৫৯ জন।
এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ৭৮৫ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৪৬ জনের।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন। মৃত্যু হয়েছে ৩৫৪১ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৫২ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

