চলমান করোনাযুদ্ধে দেশ ও জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আত্মউৎসর্গ করেছেন আরও এক পুলিশ। মারা যাওয়া ওই পুলিশ সদস্য হলেন এসআই (উপপরিদর্শক) মো. রাসেল বিশ্বাস। এ পর্যন্ত প্রাণহানি সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
দেশের জন্য এসআই মো. রাসেল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।
করোনাযুদ্ধে আত্মউৎসর্গকারী এসআই মো. রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। গত ২৪ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল বিশ্বাস মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

