এবার করোনায় আক্রান্ত হয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার।
আজ রোববার (৩১ মে) সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, ওই কর্মকর্তার নমুনা রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়।
পুলিশ সূত্র জানায়, রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত মহানগর ডিবি পুলিশ কার্যালয় এই ঘটনার পর এখনও লকডাউন ঘোষণা করা হয়নি।
তবে ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারা করোনা আক্রান্ত উত্তম প্রসাদ পাঠকের সাথে সাক্ষাৎ বন্ধ করেছেন। সেই সাথে অনেক ডিবি পুলিশ কর্মকর্তা ও সদস্য অফিসে না এসে বিকল্পভাবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে রংপুর মহানগর ডিবি পুলিশ সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, এই ঘটনার পর আমরা সাবধানতা অবলম্বন করছি। তবে সিভিল সার্জনের দফতর থেকে ডিবি কার্যালয় লকডাউন ঘোষণা করার কোনও নির্দেশনা এখনও আসেনি।

