বুধবার বিকেল নাগাদ মুম্বাইয়ের স্থলভূমিতে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ‘নিসর্গ’। মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি।
জানা গেছে, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর ভারতের মুম্বাই সংলগ্ন এলাকায় কোনো ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে।
আরব সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপকে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ নামটি দিয়েছে বাংলাদেশ। এ ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানবে না। তবে বাংলাদেশের আবহাওয়ায় এর প্রভাব পড়বে।
ভারতের আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, প্রবল আকার ধারণ করার পর প্রথমে কিছুটা দিক পরিবর্তন করে উত্তর দিকে ধাবিত হবে নিসর্গ। এরপর পুনরায় দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে আসবে।
এতে ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যা নাগাদ উত্তর মহারাষ্ট্রের হরিহরেশ্বর এবং দক্ষিণ গুজরাটের দামানের ভেতর দিয়ে মহারাষ্ট্রের রায়ঘাট জেলার আলিবাগের নিকট দিয়ে সমতলে ওঠে আসবে।
এ সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত। উপকূলে তাণ্ডব চালিয়ে সমতলে উঠে আসতে প্রচুর শক্তিক্ষয় করবে ‘নিসর্গ’। এরপর বুধবার রাতেই এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলবর্তী সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল নামানো হয়েছে। প্রতিটি দলে রয়েছেন ৪৫ জন করে কর্মী।
গুজরাটের তরফ থেকে অতিরিক্ত পাঁচটি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে। মহারাষ্ট্রে ১০টি দল পাঠানো হয়েছে ও ৬টি দল প্রস্তুত রাখা হয়েছে।

