পদ্মানদীর ফরিদপুর অংশে ২৬ জন শ্রমিক নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী পদ্মা নদীর ঘাট থেকে ছোট ইঞ্জিনচালিত একটি নৌকায় বাদাম তোলার জন্য ২৬ জন শ্রমিক চরনাছিরপুর চরে যাচ্ছিলেন। পদ্মা নদীর মাঝ পথে গিয়ে হঠাৎ বাতাস উঠলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজরা হলেন- চুয়াডাঙ্গার মো. শাহাবুর (৩৫), শিলন মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক হোসেন (৪০), সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাছের খার ডাঙ্গী গ্রামের মো. সহিদ (১৬) ও রুবেল হোসেন (২৭)।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঢেউখালীর নওয়াব মোল্যার ঘাট থেকে প্রথমে ১৬ জন ও পরে শয়তানখালীঘাট থেকে ১০ জন শ্রমিক নিয়ে চরনাছিরপুরে বাদাম তোলার জন্য লালন ফকিরের নেতৃত্বে তার ছেলে শাকিল হোসেন (১৮) নৌকা চালিয়ে পদ্মা নদী পাড় হচ্ছিলেন।
পথিমধ্যে বাতাসে নৌকাটি ডুবে যায়। ২৬ জন শ্রমিকের মধ্যে চুয়াডাঙ্গার ছয়জন এবং ২০ জন চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা। শ্রমিকরা বাদাম তোলার জন্য চরনাছিরপুর চরে যাচ্ছিল। এ ঘটনায় নৌকার মালিক লালন ফকিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ

