২০ শতাংশ মুসল্লি নিয়ে হজ্জের পরিকল্পনা


মক্কায়-পৌঁছেছে-হাজীরা
হজে অংশ নিতে মক্কায় পৌঁছেছে হাজীরা


করোনাভাইরাসের কারণে চলতি বছর হজ্জের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় কাটেনি। তবে পুরোপুরি বাতিল না করে সীমিত সংখ্যক মুসল্লিকে হজ্জের অনুমতি দেয়ার পরিকল্পনা করছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ্জ করতে সৌদি আরব যান। হজ্জ ও বছরব্যাপী ওমরাহ থেকে সৌদি সরকারের বছরে আয় হয় অন্তত ১২০০ কোটি মার্কিন ডলার।

গত মার্চে বিশ্বব্যাপী মুসলিমদের আপাতত হজ্জের পরিকল্পনা বাদ দেয়ার পরমর্শ দেয় সৌদি কর্তৃপক্ষ, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ওমরাহ পালন।

সম্প্রতি সৌদি আরবের হজ্জ সংশ্লিষ্ট দু’টি সূত্র রয়টার্সকে জানিযেছে, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেয়ার চিন্তা করছে।

সেক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ্জ করতে সৌদি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। তবে বয়স্কদের জন্য এ সুযোগ থাকবে না। এছাড়া সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।