সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সরব ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে স্বজনপ্রীতি বিপক্ষে একের পর এক মন্তব্যে সোচ্চার তিনি। কেননা, তিনিও স্বজনপ্রীতির শিকার হয়েছেন বারবার।
সম্প্রতি এ বিষয়ে নতুন এক তথ্য দিয়েছেন তিনি। বলিউডের তারকা অভিনেতা হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে রোশান পরিবারের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা।
এ বিষয়ে তিনি সম্প্রতি জানান, বলিউডের জনপ্রিয় গীতিকার ও কবি জাভেদ আখতার একবার তার বাড়িতে ডেকে আমাকে রীতিমতো ধমক দেন। তিনি বলেছিলেন, রাকেশ রোশনরা (হৃত্বিকের বাবা) বলিউডে অনেক বড় পরিবার। ওদের কাছে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তোমাকে জেলেও যেতে হতে পারে। এমনকি, রোশন পরিবারের কাছে ক্ষমা না চাইলে, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে বলেও হুমকি দিয়েছিলেন উনি।
তিনি আরও বলেন, একসময়ে আমি যখন যশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, আদিত্য (যশ রাজের কর্ণধার) আমাকে হুমকি দিয়েছিলেন যে আমার সঙ্গে আর কোনো কাজ কেউ করবেন না। সবাই আমার পাশ থেকে সরিয়ে গিয়েছিল সেদিন। তারপর থেকেই আমি একাকিত্বে ভুগতাম। মুখোশ টেনে ছিড়ে ফেলা উচিত এদের সবার।
কঙ্গনা জানান,, জাভেদজি এও বলেছিলেন যে, রাকেশ রোশনদের কাছে ক্ষমা না চাইলে, আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না! জাভেদ আখতার এটা কেন ভাবলেন যে আমি আত্মহত্যা করে বসব? আমি একপ্রকার নিশ্চিত, যে সুশান্তকেও এ রকম কোনো কথা বলা হয়েছিল।

