হত্যা না আত্মহত্যা? বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রশ্নবিদ্ধ করেছে পুরো ভারতীয় চলচ্চিত্র শিল্পকে। প্রশ্ন উঠেছে, স্বজনপ্রীতি আর অবমূল্যায়ন কি আত্মহত্যায় প্ররোচনা নয়!
এর মধ্যেই তার শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ জুলাই। সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। ভারতীয় ফিল্মের ধোনীর এই শেষ ছবি তাই স্মরণকালের সব রেকর্ড ভেঙে ফেলবে বলে মত বিশ্লেষকদের।
‘দিল বেচারা’র গল্প অনুযায়ী ছবির শেষেও সুশান্তের মৃত্যুই হবে। ‘ছিচোরে’ সিনেমায় আত্মহত্যা কোনো সমাধান নয়, বলে যে অভিনেতা বার্তা দিয়েছিলেন জনগণকে, তার করুণ পরিনতি আজও ভাবাচ্ছে ভক্তদের।
সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া যে ক্ষত সৃষ্টি করেছে, তা তার জনপ্রিয়তাকে আরও কয়েকগুণ বাড়িয়েছে। ২৪ জুলাই অনলাইন প্লাটফর্ম, ডিজনি হটস্টারে মুক্তি পেতে যাওয়া সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে জনমনে।

