ভারতের বিহারে বজ্রাঘাতে শনিবার আরও কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গিয়েছে।
দুর্যোগ মাথায় নিয়ে লোকজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে সংশ্লিষ্ট জেলাপ্রশাসন। সাম্প্রতিক অতীতে বিহারে বজ্রপাতে এত মৃত্যু কখনও হয়নি।
শনিবার বেলা একটা থেকে রাজধানী পাটনায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধে পর্যন্ত বৃষ্টি থামেনি। একটানা কয়েক ঘণ্টা ধরে ভারী বর্ষণের কারণে ইতিমধ্যে রাজধানী শহরের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বিহারের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্সহ ভারী বৃষ্টি হবে।
শুক্রবার (৩ জুলাই) বিহারের পাঁচ জেলায় বজ্রপাতে আট জন মারা গিয়েছেন। এর মধ্যে সমস্তিপুরেই মৃত্যু হয়েছে তিন জনের। বিপর্যয় ব্যবস্থাপনা দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার (২ জুলাই) বিহারে বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি হয়েছে।
তার আগে আরও দু’দিন বজ্রপাতে ১০০ জনের বেশি মারা গিয়েছেন। ২৫ জুন গোটা দিনে এই মরশুমে সর্বাধিক ৯৭ জন বজ্রপাতের বলি হয়েছেন। তার পরে আর একদিন মৃত্যু হয়েছে ১১ জনের। সবমিলিয়ে বজ্রপাতে গত কয়েক দিনে বিহারে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬২।
সূত্র: এই সময়।

