বিশ্বের ৯০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে!


করোনায় আক্রান্তের রেকর্ড

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে মানবসভ্যতা। ইতোমধ্যে  এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ৫ লাখ ত্রিশ হাজার মানুষ।

দিন দিন পরিস্থিতি খারাপই হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন দ্যা ইকোনমিস্ট জানিয়েছে ভয়ের কথা!

এক প্রতিবেদনে ইকোনমিস্ট জানায়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৬০ কোটিতে। আর মারা যেতে পারে ৩৭ লাখ মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন, তাইওয়ান, ভিয়েতনামের মতো কিছু দেশ মহামারি নিয়ন্ত্রণে এনেছে। লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়ায় এখনও ভাইরাসের তাণ্ডব চলছে।

যুক্তরাষ্ট্রের মতো আরও কিছু দেশ নিয়ন্ত্রণ হারানোর পথে রয়েছে। আফ্রিকার দেশগুলো রয়েছে মহামারির প্রাথমিক পর্যায়ে, ইউরোপ আছে এগুলোর মাঝামাঝি কোনও অবস্থানে। সামনে আরো ভয়াবহ দিন আসছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

তারা বলছে, উপযুক্ত চিকিৎসা পদ্ধতি না আসলে ২০২১ সালের মাঝামাঝি করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২০ থেকে ৬০ কোটিতে। আর মৃত্যু হতে পারে ১৪ থেকে ৩৭ লাখ মানুষের। এই সময়ের মধ্যে সারা বিশ্বের ৯০ শতাংশ মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।