করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মক্কার মসজিদুল হারাম ও কাবা শরিফ খুলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি সরকার।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মসজিদুল হারাম ও কাবা শরিফ।
এজন্য সৌদি কর্তৃপক্ষ বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে।পরিকল্পনাগুলো হচ্ছে :
- মসজিদুল হারাম ও কাবা শরিফের নির্ধারিত ৪০ শতাংশ জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে।
- নামাজ ও তাওয়াফে অংশগ্রহণের জন্য ‘তাওয়াক্কালনা অ্যাপ’ এর মাধ্যমে মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ জেনে নিতে হবে।
- মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশে নির্ধারিত সব প্রবেশ পথেই থার্মাল (তাপ) ক্যামেরা থাকবে। এ ক্যামেরার সামনে দিয়ে প্রত্যেককে প্রবেশ করতে হবে।
- উচ্চ তাপমাত্রার যে কাউকেই মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে।
- ভিড় এড়াতে নির্ধারিত প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে এবং নির্ধারিত পথ দিয়েই বের হতে হবে।
- মসজিদুল হারাম ও কাবা শরিফের প্রবেশ পথ সীমিত ও নির্ধারিত থাকবে।
- মসজিদুল হারাম ও কাবা শরিফে প্রত্যেকের জন্য সামাজিক দূরত্ব যথাযথভাবে কার্যকর থাকবে।
- মসিজিদুল হারামে প্রবেশকারী সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
- তাওয়াফকারীদের জন্য কাবা শরিফের মূল (গ্র্যান্ড ফ্লোর) মাতাআফ, প্রথম ও দ্বিতীয় তলার নির্ধারিত অংশ বরাদ্দ থাকবে। তবে প্রথম ও দ্বিতীয় তলা ব্যবহারে বিশেষ প্রয়োজনযুক্ত ও প্রবীণদের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

