দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে দেশে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,৬২,৪১৭ জন।
রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৩ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ ৩৩ হাজার, তবে ৬৪ লাখ ৪৬ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

