আবারও সন্ধ্যা চৌহান নামে ভারতীয় এক টিকটক তারকার আত্মহত্যার খবর শিরোনামে এসেছে। দিল্লির গ্রিন পার্কে নিজের পরিবারের সঙ্গেই থাকতেন সন্ধ্যা চৌহান। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ভারত সরকারের ৫৯টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই অবসাদে ভুগছিলেন। এই নিষিদ্ধ তালিকায় রয়েছে টিকটক অ্যাপও। যদিও এই কারণেই সন্ধ্যা আত্মহত্যা করেছেন কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
জানা গেছে, আত্মহত্যা করার সময় বাড়িতে শুধু মা ছিলেন। ঘটনা জানাজানি হতেই সন্ধ্যার চাচাতো ভাই পুলিশকে খবর দেন। মোদীপূরম আউটপোস্ট থেকে দ্রুত বিকাশ চৌহান নামের এক পুলিশ সেখানে পৌঁছান। ঘরের দরজা ভেঙে সন্ধ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়িতে তার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
পরিবারের দাবি, গত দু’মাস ধরে সন্ধ্যা অবসাদে ভুগছিলেন। কিন্তু কী কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা তা জানতে পারেনি পরিবার।

