বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার আক্রান্তের তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে ভারত। রোববার রাত ৯ টা পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব মতে, মোট আক্রান্তের সংখ্যা ৬,৯০,৩৯৬। এ দিকে, আমেরিকার জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বর্তমানে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৮০,২৮৩। এখন শুধু সামনে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
বর্তমানে বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে প্রায় ২৮ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ। এতদিন তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। তবে রোববারের রেকর্ড বৃদ্ধিতে রাশিয়াকে ফেলে সেই স্থান দখল করেছে ভারত।
গত দু’দিন ধরেই ২২-২৪ হাজার ছুঁয়ে ফেলছিল একদিনে আক্রান্তের সংখ্যা। যার জেরে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে রবিবার সেই সংখ্যা পৌঁছে যায় ২৪,৮৫০ জনে। যা ২৪ ঘণ্টার আক্রান্তের হিসেবে রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যা হয় ৬, ৭৩, ১৬৫ জন।
এদিকে ভারতজুড়ে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের জন্য সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, এখনও পর্যন্ত ১১ হাজারেরও বেশি ‘মেক ইন ইন্ডিয়া’ ভেন্টিলেটর তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন তাঁরা।

