করোনার কারণে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন মারা গেছে। ভাইরাসটিতে দেশটির ৩৩ লাখ ৪৮ হাজার ৮৭৮ জন আক্রান্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে ‘করোনা পার্টি’তে অংশ নিয়েছিলেন ৩০ বছর বয়সী এক যুবক। ‘করোনা পার্টি’তে গিয়েই করোনায় আক্রান্ত হয়ে পড়েন এবং সব শেষে মারাও গেলেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও’র মেথোডিস্ট হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মেথোডিস্ট হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জেন অ্যাপলবি বলেন, এই ব্যক্তি করোনাভাইরাসকে একটি প্রতারণা ভাবতেন। তিনি ভাবতেন, তিনি কখনো এ ভাইরাসে আক্রান্ত হবেন না। শুধু তিনি নন, তার বন্ধুরাও ভেবেছিলেন করোনা তাদের কাবু করতে পারবে না, এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই তারা করোনা পার্টির আয়োজন করেছিলেন।’

