চট্টগ্রামের লালখান বাজার এলাকায় টহলরত অবস্থায় থাকা পুলিশের একটি গাড়িকে ধাক্কা দেয়ার পর সেখান থেকে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে খুলশী থানা পুলিশের টহল দলের একটি গাড়িকে দেন শাবাব।
শনিবার রাতে খুলশী থানার এক উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি দল মতিঝর্ণা এলাকায় স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষের একটি ঘটনা তদন্ত করতে যায়।

লালখান বাজার থেকে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা শাবাব চৌধুরীর গাড়ি।
ওই ঘটনার পর গাড়ি থেকে নেমে শাবাব পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ গাড়িসহ শাবাবকে খুলশী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, সংসদ সদস্যের ছেলে শাবাব চৌধুরী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। এসময় পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে। পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান হয়ে গেছে।
এর আগে ২০১৮ সালের জুন মাসেও একবার ঢাকার মহাখালীতে গাড়ি চাপায় সেলিম ব্যাপারি নামের এক চালকের মৃত্যুর পর শাবাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
সে সময় তদন্তে জানা গিয়েছিল, গাড়িটি সাংসদপত্মী কামরুন্নাহার শিউলির নামে, তবে চালাচ্ছিলেন তার ছেলে শাবাব।
ওই ঘটনায় এককালীন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং মাসে ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিতে আপস করে পার পেয়েছিল সাংসদ একরামুল করিমের পরিবার।
একরামুল করিম চৌধুরী নোয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য হলেও চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় তার বাড়ি রয়েছে।

