পৃথিবীর জাতিসংঘ অন্তর্ভুক্ত ১৩৮ টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এরপরেও পশ্চিমা অনেক দেশের স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। এরই মধ্যে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন।
এবার মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল এবং অ্যাপলের বিশ্বমানচিত্রেও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম এবং কিছু কিছু সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।
এর আগে ২০১১ সালেও এ বিষয়টি সামনে এসেছিল। ওই সময় গুগলকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের সাংবাদিকরা একটি বিবৃতি দিয়েছিলেন।
২০১৬ সালে একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে গুগলের একজন মুখপাত্র জানিয়েছিলেন, একটি ‘বাগের’ কারণে কিছু সমস্যা হচ্ছিল। আর তাই পশ্চিম তীর এবং গাজা উপত্যকা দেখা যাচ্ছিল না। তবে তাদের ম্যাপে কখনোই নির্দিষ্টভাবে ‘ফিলিস্তিন’ ছিল না বলে ওই সময় জানায় তারা।
গুগলের ওই মুখপাত্র বলেছিলেন, গুগল ম্যাপে কখনোই ‘ফিলিস্তিন’ লেবেল ছিল না। তবে একটি বাগ পশ্চিম তীর এবং গাজা উপত্যকাকে মানচিত্র থেকে সরিয়ে দিয়েছিল।
দ্রুত সময়ের মধ্যেই সমস্যা সমাধান করে সে সময় পশ্চিম তীর এবং গাজা উপত্যকাকে মানচিত্রে ফিরিয়ে আনে গুগল।
সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর পশ্চিম তীরের আরও কিছু অংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। দ্রুতই সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচুর সমালোচনা হচ্ছে এটি নিয়ে।
টুইটারে অনেকেই বলছে, মার্কিন জায়ান্ট অ্যাপল এবং গুগল তাদের বিশ্বমান চিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে। কিছু কিছু সংবাদ মাধ্যমেও এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
গুগল কিংবা অ্যাপলের বিশ্বমানচিত্রে ফিলিস্তিন বলে নির্দিষ্ট কোন দেশের অস্তিত্ব কখনোই ছিলো না। Palestine বা ফিলিস্তিন লিখে সার্চ দিলেও শুধু পশ্চিম তীর এবং গাজা উপত্যকাকেই দেখানো হতো।

