গাজীপুরে পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায়।
মারা যাওয়া ওই চার শিশু হলো- নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। মৃতদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।
জানা যায়, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি গভীর ডোবার পানিতে ওই চার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়।
পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

