করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়েছিলেন। আবারও সেই প্রাণঘাতী ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। ঘটনাটি ঘটে ভারতের জলপাইগুড়িতেও।
প্রথমবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফের কোভিড আক্রান্ত হলেন এক ব্যক্তি। এর আগে একই ব্যক্তির দ্বিতীয়বার কোভিড সংক্রমণের ঘটনা চীনে আগেই প্রকাশ্যে এসেছিল।
ভারতের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জলপাইগুড়ি শহরের কদমতলার বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি করোনা সংক্রমিত হন। সেই সময় তিনি হাসপাতালেও ভর্তি হন এবং সুস্থ হয়ে ওঠেন। তার রিপোর্ট নেগেটিভ আসে। তারপর তিনি কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন আগে ফের তার শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব না দিলেও পরে চিকিৎসকদের পরামর্শে আবারও কোভিড পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসে।
দ্বিতীয়বার সংক্রমণের এই খবর চিন্তায় ফেলেছে স্বাস্থ্য কর্তাদের। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুধু ওই ব্যক্তি নন, দ্বিতীয় সংক্রমণের আরও কয়েকটি ঘটনার হদিস পাওয়া গেছে এবং এখনও পর্যন্ত সব ক’টিই উত্তরবঙ্গে।
ভারতের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দ্বিতীয়বার সংক্রমিত রোগীর প্রয়োজনীয় বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সংক্রমণের মাত্রা আগের থেকে বেশি না কম দেখা হচ্ছে। সেই সঙ্গে ভাইরাস চরিত্র পরিবর্তন করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দ্বিতীয়বার সংক্রমণের ঘটনা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন চিকিৎসকদের একটি অংশ। তাদের মতে, এখনও কোভিড ভাইরাসের চরিত্র অনেকটাই অজানা। ফলে টিকা নিলেও শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতার মেয়াদ তিন মাসের বেশি হবে না।
সূত্র: আনন্দবাজার

