শনিবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৩ জেলেই সাঁতরে তীরে ফিরেছেন বলে জানা গেছে।
ট্রলারমালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ঘটিভাঙা) মেম্বার নুরুল আমিন খোকা জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ‘এফবি এম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ মাঝি-মাল্লা মাছ ধরতে যান।
উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে এবং বিপুল পরিমাণ লইট্ট্যা মাছসহ অন্যান্য মাছ ধরতে সক্ষম হন জেলেরা।
এ সময় ট্রলারটিতে জেলেরা প্রায় ৩০ মণ মাছ তোলেন। পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে নৌকাটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ওখানেই ডুবে যায়।
ট্রলারটি যখন ডুবেই যাচ্ছে– এটি নিশ্চিত হওয়ার পর জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক ইত্যাদি নিয়ে সাঁতরে উপকূলে ফেরার উদ্যোগ নেয়। এ সময় সাগরে থাকা অন্য মাছ ধরা ট্রলার ওই জেলেদের উদ্ধারে এগিয়ে আসে। কেউ কেউ সাঁতরে উপকূলে ফিরতে সক্ষম হন।

