চার দিনেই করোনায় আক্রান্ত ১০ লাখ!


করোনায় আক্রান্তের রেকর্ড

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ মিলিয়নের বেশি মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাস ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

এরই মধ্যে জানা গেছে, মাত্র চার দিনে বিশ্বে ১০ লাখ মানুষ এই প্রাণঘাতী ভাইরাসের শিকার হয়েছেন।

করোনা ভাইরাসের তথ্য হালনাগাদ রাখে জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এখন পর্যন্ত বিশ্বে সর্বমোট রোগীর সংখ্যা দেখাচ্ছিল ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৪৯৮ জন। একই সময়ে মৃতের সংখ্যা ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৪৫ জন।

এর মধ্যে সর্বশেষ ১০ লাখ রোগী শনাক্ত হয়েছে মাত্র চার দিনে। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রকৃত চিত্র এর চেয়ে ভয়াবহ। কেননা বিভিন্ন দেশে করোনা পরীক্ষা কম করানোয় আসল চিত্রটি উঠে আসছে না।

বিশ্বে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪২ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গতকাল পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।

এদিকে গতকাল রোগী শনাক্তের দিক থেকে বিশ্বের সব অঞ্চলকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকা। গতকাল সোমবার প্রথমবারের মতো অঞ্চলটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা যুক্তরাষ্ট্র ও কানাডার সম্মিলিত রোগীর সংখ্যাকে ছাড়িয়ে যায়।

ব্রাজিল, মেক্সিকো, পেরু, কলম্বিয়া ও আর্জেন্টিনায় সংক্রমণ বৃদ্ধির কারণে অঞ্চলটি সংক্রমণের শীর্ষে পৌঁছে গেছে। বিশ্বের মোট করোনা ভাইরাস আক্রান্তের ২৬ দশমিক ৮৩ শতাংশ এখন এই অঞ্চলের।

লাতিন আমেরিকায় শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ১৬০ জনে, অপরদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্মিলিত রোগীর সংখ্যা ৪৩ লাখ ৮ হাজার ৪৯৫ জন; সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এ হিসাবটি করা হয়েছে।