ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে শুধু আমজনতাই নন বিপাকে আছেন বলিউডের তারকারাও। মাস শেষে বিদ্যুৎ বিলের শক পাচ্ছেন অনেকেই। তালিকায় আছেন সংগীতশিল্পী আশা ভোসলে, আরশাদ ওয়ারসি, তাপসী পান্নু, রেনুকা সাহানে, দিব্যা দত্তসহ অনেকে। আছেন ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংও।
জানা গেছে, আশা ভোসলের লোনাভোলার বাংলোর বিদ্যুতের বিল এসেছে দুই লাখ রুপি। বিলের এত পরিমাণ অঙ্ক দেখে যারপরনাই বিরক্ত জনপ্রিয় এই সংগীতশিল্পী। তিনি মহারাষ্ট্র বিদ্যুৎ সংস্থা মহাডিস্কমের কাছে অভিযোগ জানিয়েছেন।
মহাডিস্কম কর্তৃপক্ষের বক্তব্য, মিটারের রিডিং অনুযায়ী বিল পাঠানো হয়েছে।
আশার লোনাভোলা বাংলোর শেষ বিল এসেছে ২ লাখ ৮ হাজার ৮৭০ রুপি। অথচ এর আগের দুই মাসে যথাক্রমে ৮ হাজার ৮৫৫ এবং ৮ হাজার ৯৯৬ রুপি বিল এসেছিলো।
ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বড় ঝামেলায় পড়েছিলেন আরশাদ ওয়ারসি। বিদ্যুৎ বিল বাবদ তাকে ভারতীয় মুদ্রায় ১ লাখ ৩ হাজার টাকা গুনতে হয়েছিল।
রসিকতা করে টুইটারে সার্কিট ফ্যানেদের কাছে তার পেইন্টিং কেনার আবেদন রাখেন। আসলে লকডাউনে বাড়ি বসে শখে এঁকেছেন আরশাদ। তবে এই পেইন্টিং বিক্রি হলে ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন বলেই দাবি করেছেন অভিনেতা।
টুইটারে তিনি লেখেন, ‘দয়া করে আমার পেইন্টিং আপনারা কিনুন, আমাকে আদানিরে ইলেকট্রিক বিল দিতে হবে, পরের বিলের জন্য আমি কিডনিটা তুলে রেখেছি।’
বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী পান্নু। গত মে মাসে যেখানে তাপসীর বাড়ির বিল ছিল ৩ হাজার ৮৫০ টাকা, সেটি জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার টাকায়।
তিনি জানান, বাড়ি নাকি লকডাউনে বন্ধ ছিল। তিনি এই ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়টি নিয়ে টুইটারে লিখেছেনও।
বলেছেন, নতুন কেনা হয়েছে এই অ্যাপার্টমেন্ট। তিন মাস লকডাউনে সেখানে কেবল প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঢোকা হয়েছে। আর তাতেই কিনা এই বিল!

