সামুদ্রিক প্রানীদের মধ্যে হাঙ্গরের হিংস্রতার দিক দিয়ে এর তুলনা হয় না। অনেকসময় হাঙ্গরগুলো আপনার সমূদ্র স্নান দূঃস্বপ্নে পরিনত করতে পারে। সমুদ্রে নেমে এই হাঙ্গরকে পরাজিত করা এক কথায় অসম্ভব। তবে স্ত্রীকে বাঁচাতে গিয়ে এমন অসম্ভবকেই সম্ভব করেছেন এক অস্ট্রেলিয়ান সার্ফার।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলসের একটি সমুদ্র সৈকতে সার্ফ করার সময় শ্যান্টেল ডয়েল (৩৫) নামের এক নারীর ওপর হাঙ্গর আক্রমণ চালায়।
তৎক্ষণাৎ তার স্বামী সার্ফবোর্ড থেকে ওই হাঙ্গরের ওপর ঝাঁপিয়ে পড়েন। হাঙ্গরটিকে তিনি বার বার ঘুষি দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে। এরপর ডয়েলকে তিনি তীরে উঠে আসতেও সাহায্য করেন।
বিশেষজ্ঞের বরাত দিয়ে পোর্ট ম্যাককুয়েরি নিউজ জানিয়েছে যে, এই বিশেষজ্ঞরা ধারণা করছেন যে মিস ডয়েলের ওপর তিন মিটার বা প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অল্পবয়সী সাদা হাঙ্গর হামলা চালাতে পারে।
সার্ফ লাইফ সেভিং-এনএসডব্লিউ এর প্রধান নির্বাহী স্টিভেন পিয়ার্স এতো দ্রুত ও সাহসী পদক্ষেপের জন্য ওই নারীর স্বামীর ব্যাপক প্রশংসা করেন। গণমাধ্যমে ওই ব্যক্তির নাম মার্ক র্যাপলে বলে জানা গেছে।

