করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বিধিনিষেধের প্রতিবাদে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোনও কোনও বিক্ষোভ থেকে করোনাভাইরাসকে একটি প্রতারণা বা ভাওতাবাজি হিসেবে আখ্যায়িত করা হয়।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।.
কিছু কর্মসূচি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জার্মানির বিক্ষোভে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মি. ট্রাম্প, প্লিজ ডোন্ট ফরগেট দ্য জার্মান প্যাট্রিয়টস।’ অর্থাৎ, ‘হে ট্রাম্প, দেশপ্রেমিক জার্মানদের ভুলে যেও না।’
জার্মানিতে এ কর্মসূচিতে অংশ নিয়েছে প্রায় ৩৮ হাজার মানুষ। স্বভাবতই সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই ছিল না। রাজধানী বার্লিনে বিক্ষোভ থেকে ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শুধু একটি বিক্ষোভ থেকেই পাথর ও বোতল ছুড়ে মারার দায়ে ২০০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া আহত হয় সাত পুলিশ সদস্য।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫-জি ও করোনা বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

